শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শিরোনাম

কাজের মাধ্যমেই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই: ডেপুটি স্পিকার


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ রাত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। তিনি বলেন, “কথার চেয়ে কাজই বড়—আমি কাজের মাধ্যমেই আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।”
 
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলার বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ডেপুটি স্পিকার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাওয়া যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। তিনি এই সম্মানকে জনগণের প্রাপ্য বলে উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হন।
 
সমাজে মাদকসহ নানা সামাজিক সমস্যার বিস্তারের পেছনে নৈতিক শিক্ষার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় জোর দেওয়ার জন্য। তিনি বলেন, “শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেই হবে না, আগে ভালো মানুষ হতে হবে—তবেই একটি সুস্থ সমাজ গড়ে উঠবে।”
 
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা থাকলে তারাও একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হতে পারবে।
 
ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত