পূর্বধলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় সাদিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে সাদিয়াকে তাঁর বসতঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তাঁর স্বামী আওয়াল হোসেন বাবু। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সাদিয়াকে উদ্ধার করেন। পরে তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদিয়া আক্তার পাইলাটি গ্রামের আওয়াল হোসেন বাবুর স্ত্রী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ তার নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।







