বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

চলাচলের রাস্তা বন্ধ না করার দাবিতে পূর্বধলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলা হোগলা ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাস্তা রাখার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খ্রিষ্টান সম্প্রদায়ের বাসিন্দারা।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হোগলা ভূমি অফিস এলাকায় অবরুদ্ধ পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের হোগলা বাজার এলাকায় ভূমি অফিসের উত্তর পাশে গারো ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এলাকায় রয়েছে একটি গির্জা ও একটি মিশনারি স্কুল। প্রায় দেড়শ বছর ধরে ভূমি অফিসের পূর্ব পাশ দিয়ে ব্রিজসংলগ্ন রাস্তা ব্যবহার করে এসব পরিবারের সদস্য, শিক্ষার্থী ও গির্জার উপাসকেরা চলাচল করে আসছেন।

তবে বর্তমানে হোগলা ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের আশঙ্কা, দেয়াল নির্মাণের কারণে ব্রিজসংলগ্ন দীর্ঘদিনের চলাচলের পথটি বন্ধ হয়ে যাবে। তাই দেয়াল নির্মাণের সময় ওই স্থানে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা রাখার দাবি জানান তারা।

বক্তারা জানান, এর আগে বাউন্ডারি ওয়াল নির্মাণের পরিকল্পনার সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান খানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তখন ব্রিজসংলগ্ন খালের পাশ দিয়ে চলাচলের রাস্তা রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বর্তমানে ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা বলেন, এ এলাকার অনেক বাসিন্দা কৃষিকাজের সঙ্গে জড়িত। রাস্তা বন্ধ হয়ে গেলে কৃষিজমির ফসল আনা-নেওয়া ও শুকানোর কাজে সমস্যা হবে। পাশাপাশি এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং অসুস্থ বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়বে।

তারা আরও বলেন, ভূমি অফিসের উত্তর পাশে বিকল্প একটি রাস্তা রয়েছে। তবে সেটি অনেক দূরে হওয়ায় স্থানীয়দের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হবে। এ কারণে ভূমি অফিসের পূর্ব পাশে ব্রিজসংলগ্ন পুরোনো রাস্তাটি রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে গারো ও খ্রিষ্টান সম্প্রদায়ের গ্রাম কাউন্সিলের চেয়ারম্যান এভারেস্ট হাউই, রিনা মাংসাং, সীমা মাংসাং, রেজিনা হাজং, সুবর্ণা মাংসাংসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। বক্তারা বলেন, রাস্তা বন্ধ হয়ে গেলে শুধু কয়েকটি পরিবার নয়, দীর্ঘদিন ধরে ওই পথ ব্যবহার করে আসা বিপুলসংখ্যক মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হবে। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে হোগলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. খসরুজ্জামান বলেন, “ভূমি অফিসের বিপরীত (উত্তর) পাশে বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা রয়েছে। সেটি ব্যবহারযোগ্য। সেখান দিয়ে তারা চলাচল করতে পারবেন।”

তিনি আরও বলেন, এ বিষয়ে নেত্রকোনার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আবিদা সুলতানা সরেজমিনে এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিলো না। যদি এতগুলো পরিবারের চলাচলের রাস্তা ওয়াল নির্মাণের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। আমি আগামীকাল পরিদর্শনে যাবো। গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত