জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের মাঝে ব্র্যাকের জলবায়ু সহনশীল উপকরণ বিতরণ
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ দুপুর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে ৫০ জন অতিদরিদ্র সদস্যের মাঝে জলবায়ু সহনশীল ও জীবিকায়ন সহায়ক উপকরণ বিতরণ করেছে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (UPG) প্রোগ্রাম।
মঙ্গলবার ইসলামপুর উপজেলার ব্র্যাক ডিগ্রিরচর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এবং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ।
ব্র্যাক UPG-এর সিনিয়র স্পেশালিস্ট মোঃ হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন UPG কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোছাঃ বিজলী আক্তার।
অনুষ্ঠানে ৩০ জন সদস্যের মাঝে ৩০টি ফ্যান ও ৩০টি মশারি, ২০ জনের মাঝে সার ও কীটনাশক এবং ৫০ জন সদস্যের প্রত্যেককে দুটি করে—একটি পেয়ারা ও একটি মেহগনি-গাছের চারা বিতরণ করা হয়। এসব উপকরণ জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।
এ সময় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী)-এর ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন, কৃষিবিদ মোঃ রুহুল আমিন, সিনিয়র অফিসার (AIG) মোঃ আনোয়ারুল হক এবং স্পেশালিস্ট (মানসিক স্বাস্থ্য) রাজিয়া হক লিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ তৈরি হলে এসব পরিবার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আরও আত্মনির্ভর হয়ে উঠতে পারবে।
ব্র্যাকের UPG প্রোগ্রাম অতিদরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা, দক্ষতা ও জীবিকায়নের সুযোগ প্রদানের মাধ্যমে দারিদ্র্য থেকে টেকসই উত্তরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।







