বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে পূর্বধলায় প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা


  ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি বছর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মান্নান, পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলার থানার এসআই রফিকুল ইসলাম, পূর্বধলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক দীপক কুমার ভাদুড়ী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পূর্বধলা শাখার আহ্বায়ক অমিত দাস, ইমতিয়াজ আহমেদ সজিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইপি ক্যামেরা স্থাপন, নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন, আনসার সদস্য মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— রাত ৭টার মধ্যে বিসর্জন সম্পন্ন করা, বিসর্জনের দিনে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে প্রস্তুত রাখা, প্রতিটি মন্দিরে অগ্নিনির্বাপক যন্ত্র (Fire Extinguisher) রাখা, বিদ্যুৎ সংযোগ সতর্কতার সাথে ব্যবহার ও বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা, মণ্ডপ এলাকায় মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান না করতে নিরুৎসাহিত করা এবং রাস্তাঘাট মেরামত করা।

এছাড়া দর্শনার্থী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও মাদকসেবন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের যাতায়াতের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা রাখা, ভবঘুরে বা অপ্রকৃতিস্থ ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, "শারদীয় দুর্গাপূজা আমাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা উপহার দিতে প্রশাসন সর্বাত্মক কাজ করছে। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।"

সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিটা মণ্ডপের জন্য চাল বরাদ্দ বৃদ্ধি ও সহযোগিতার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়ে সভা শেষ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত