শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি,  প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে শোকজ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ বিকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক রনধীর রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

রতনপুর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা না করে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়। পরে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী এবং অসদাচরণের শামিল।

নোটিশে আরও বলা হয়, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন বলেন, আজ ৩০শে জুলাই বৃহস্প্রতিবার তাদের শোকজ করা হয়। শোকজের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত