পূর্বধলায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে তিন লরি জব্দ
ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ সকাল

নেত্রকোণার পূর্বধলা বাজারে অবৈধভাবে অতিরিক্ত বালু বহনের অভিযোগে তিনটি লরি আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন লরি তিনটি আটক করে প্রশাসন ও পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিগুলো জব্দ করে পূর্বধলা থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ছয় চাকার লরিগুলোর মূল কাঠামোর বাইরে অতিরিক্ত অংশ সংযোজন করে স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বালু পরিবহন করা হচ্ছিল। এতে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা বলেন, নিয়মিত অতিরিক্ত বালুবাহী লরি চলাচলের কারণে এলাকার সড়ক নষ্ট হচ্ছে। এ ধরনের ওভারলোড যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় লোকজন তিনটি লরি আটকের পর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিগুলো থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







