মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে ট্রাকচাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুলাই ২০২৬, ১২:৩৯ দুপুর

জামালপুরের দিগপাইত এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় সাবেক এক শ্রমিক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিগপাইত এলাকার বাসিন্দা ও জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (দিগপাইত শাখা) সাবেক সভাপতি 'নন্নী ড্রাইভার' এবং মাটিয়াজানি এলাকার বাসিন্দা হাফেজ মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নন্নী ড্রাইভার ও হাফেজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিগপাইত এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত