কলমাকান্দায় শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:০৬ রাত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নলচাপড়া এলাকায় কর্মরত বেসরকারি শিশু উন্নয়ন সংস্থা কমপ্রেশন-এর মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, স্বাধীনতা যুদ্ধের পটভূমি, কেন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান, ত্যাগ ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রকল্পের ব্যবস্থাপক মি. পল্লব রাংসা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীরা এমিনা মৃ।
আলোচনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসের পটভূমি, সম্মুখসমর এবং পূর্ণাঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন সম্প্রদায়ের ৩০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। শুরুতে প্রকল্পের ব্যবস্থাপক মি. পল্লব রাংসা মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অসামান্য অবদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জানানো হয়, আগামী ২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তি এবং স্বাধীনতার পক্ষের হাজারো মানুষ অংশগ্রহণ করবেন।







