রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৫ জুলাই ২০২৬, ১১:১৫ রাত

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম এবং বাস্তুভিটাহীন পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে বসবাসরত হাজার হাজার শ্রমিক পরিবার এখনও নানা ধরনের আর্থসামাজিক সংকটে রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, চা বাগান এলাকার বাস্তব পরিস্থিতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।

এমপি ফয়সল বলেন, কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারগুলোকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার এবং লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চা শ্রমিক প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত