পূর্বধলায় এমপি মানসুরা আলমের উদ্যোগে ৩৪ উন্নয়ন প্রকল্প, বরাদ্দ ৭০ লাখ টাকা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে ৩৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে নেওয়া এসব প্রকল্পে মোট ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য/টাকা) কর্মসূচির মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। চলতি জুলাই মাস থেকেই বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে।
প্রকল্পগুলোর আওতায় উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ সড়কের উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হোগলা বায়তুল আমান মসজিদে গ্রিল স্থাপন ও পলেস্তারা সংস্কার, হিরণপুর–বাইঞ্জা সড়ক সংস্কার, দেওটুকুন আব্দুল গণি উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কার, হাজিবাড়ি মসজিদ ও অজুখানা সংস্কার, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার ও ড্রেন নির্মাণ, গারো সম্প্রদায়ের গির্জায় টাইলস স্থাপন ও প্রয়োজনীয় সংস্কার, খলিশাউড় মনারকান্দা জামে মসজিদের উন্নয়ন, বালিকা বিদ্যালয় সড়ক এবং বহুলি এলাকার রাস্তা সংস্কার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় আরও বেশ কয়েকটি উন্নয়ন ও সংস্কারমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে গত জুন মাসের শেষ সপ্তাহে সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে উপজেলার দরিদ্র মানুষের মধ্যে ১০ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, চলমান ৩৪টি প্রকল্পের কাজ শেষ হলে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক যোগাযোগব্যবস্থা এবং জনসেবামূলক অবকাঠামোর মান আরও উন্নত হবে।







