স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লীগ-২০২৬ এর চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:১৮ রাত

নেত্রকোণার পূর্বধলায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত পূর্বধলা প্রিমিয়ার লীগ (পিপিএল)-২০২৬-এর শিরোপা জিতেছে দয়াল স্কোয়াড।
সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্টার বয়েজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

পূর্বধলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে যুবসমাজ আরও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।

ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির ছায়েদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের চতুর্থ মিনিটেই দয়াল স্কোয়ার্ডের রামিম গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে তৌসিফ আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দয়াল স্কোয়ার্ড। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে স্টার বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে দয়াল স্কোয়ার্ডের অনিক সেরা গোলরক্ষক এবং একই দলের রামিম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন দীপক কুমার ভাদুড়ি এবং ধারাভাষ্য দেন দুর্গাপুরের নজরুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।






_medium_1785127113.jpg)
