বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় সরকারি জমি দখল, গাছ কর্তন ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ সকাল

নেত্রকোণার পূর্বধলায় সরকারি জমি দখল, সরকারি গাছ কর্তন এবং অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা সদরের পাটবাজার এলাকার বাসিন্দা মোস্তফা মামুন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে পূর্বধলা গুদাম রোড এলাকার ‘রোজ মেডিক্যাল হল’-এর মালিক মো. শাহিন তালুকদার তৎকালীন সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বধলা মুরগি মহাল সংলগ্ন সরকারি দুটি গাছ কেটে ফেলেন। একই সঙ্গে সরকারি জমি দখল করে নিজের বসতবাড়ির দেয়ালের একাংশ ও সীমানা প্রাচীর নির্মাণ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দারা বিষয়টির প্রতিবাদ জানিয়ে ভূমি অফিসকে অবহিত করেন। পরে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে কাজ সম্পন্ন করা হয়। এ সময় ক্ষমতার প্রভাব খাটানো এবং পুলিশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী একাধিকবার অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নিলেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, একই বিষয়ে ২০২৪ সালের ২২ আগস্ট একটি অভিযোগ দাখিল করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেটির নিষ্পত্তি হয়নি বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সরকারি জমি দখলমুক্ত করা, অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে অভিযুক্ত মো. শাহিন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার নিজস্ব জমিতে বসতবাড়ি নির্মাণ করছি। সেখানে ছোট ছোট জিগার গাছ ছিল, সেগুলো কেটেছি। যদি তদন্তে প্রমাণিত হয় যে আমার নির্মাণাধীন বাড়িটি সরকারি জমির ওপর রয়েছে, তাহলে আমি নিজেই তা ভেঙে ফেলব।”

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত