পূর্বধলায় জুলাই শহীদ রমজান আলীর কবর জিয়ারত, পরিবারের পাশে ছাত্রদল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জুলাই আন্দোলনের শহীদ রমজান আলীর কবর জিয়ারত করেছেন পূর্বধলা উপজেলা ছাত্রদল ও নেত্রকোণা জেলা ছাত্রদলের নেতারা। এ সময় তাঁরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।
বুধবার (২৯ জুলাই) উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের দুধী গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা শহীদ রমজান আলীর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং উপহারসামগ্রী প্রদান করেন।
জানা যায়, ঘাগড়া ইউনিয়নের দুধী গ্রামের বাসিন্দা রমজান আলী ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত হন। স্থানীয়ভাবে তাঁকে পূর্বধলা উপজেলার একমাত্র জুলাই আন্দোলনের শহীদ হিসেবে উল্লেখ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল আজাদ, আরিফ ও রাজন, জেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ আরিফ, পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সাবেক সদস্যসচিব সাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক জীবন দাস, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু, সদস্য নুমান ফকির ও শাহিন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা।
এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাঁদের সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব। কর্মসূচি শেষে শহীদ রমজান আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।







