প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন পূর্বধলার সন্তান সোয়াদ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ রাত

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম আসরের বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ময়মনসিংহ অঞ্চল। রানার্সআপ দলের অধিনায়ক ছিলেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিরিভিটা গ্রামের সোয়াদ তালুকদার।সে মাইন উদ্দিন ও মোছা. সোলেমা খাতুন দম্পতির সন্তান।
গত সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে সিলেট অঞ্চলের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় ময়মনসিংহ অঞ্চল। ম্যাচ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। রানার্সআপ দলের অধিনায়ক হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ করেন সোয়াদ তালুকদার।
ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে সিলেট অঞ্চলের আরমান খান জিসানের করা একমাত্র গোলে শিরোপা নিশ্চিত হয়।
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের অনুভূতি জানিয়ে সোয়াদ তালুকদার বলেন, "দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ করা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি। এই সম্মান শুধু আমার নয়, পুরো ময়মনসিংহ অঞ্চল এবং আমার জন্মভূমি পূর্বধলাবাসীর। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।"
দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূলের প্রতি গুরুত্বারোপ করে বলেন, "ভালো ফুটবলার গড়ে তুলতে হলে গ্রামাঞ্চল থেকেই পরিকল্পিতভাবে খেলোয়াড় তৈরি করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত খেলার মাঠ, টুর্নামেন্ট এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়ে আরও বেশি মেধাবী খেলোয়াড় উঠে আসবে।"
আরও বলেন, "প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব মানুষ। তিনি খেলাধুলার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের এ ধরনের উদ্যোগ আমাদের মতো তরুণ খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা।"
সোয়াদের এই অর্জনে পরিবার, স্বজন ও পূর্বধলাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পূর্বধলার একজন তরুণের নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চলের রানার্সআপ হওয়া গোটা উপজেলার জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, সোয়াদের এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।







