বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে অনির্দিষ্টকালের বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ রাত

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখা। 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। 

সংবাদ সম্মেলনে সানাউল ইসলাম বাবু জানান, গত তিন দিনের মধ্যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় সারাদেশের সাথে শেরপুরেও অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে। যদি আজ মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না আসে তাহলে   ধর্মঘট চলবে।  

সমিতির পাঁচ দফা দাবি হলো— ১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা রাখতে হবে।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল মওকুফ করতে হবে।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনরত অ্যাম্বুলেন্সকেও টোল-মুক্ত সুবিধার আওতায় আনতে হবে।

৫. দিনরাত ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

সমিতির নেতারা জানান, এসব দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত থেকে যাচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে জরুরি রোগী পরিবহন সেবায়। রাতদিন চব্বিশ ঘন্টা আমরা কাজ করি, রোগীদের সেবা দেই। করোনা মহামারীর সময় নিজের স্বজনরা যখন রোগীদের কাছে আসতেন না, মরদেহ দেখতেও আসতেন না তখন আমরা নিরলস প্রচেষ্টা করেছি। জীবনযুদ্ধে আমরা কাজ করেছি। আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা, শামীম হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত