শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জমি বিরোধে ‘মিথ্যা মামলা-জিডি করে হয়রানির’ অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ জুলাই ২০২৬, ০৩:১৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানির অভিযোগ তুলেছেন একটি মামলার জামিনে থাকা বিবাদী পক্ষ। 

বিবাদী পক্ষের দাবি, বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিক আব্দুল খালেক বেগ। তাদের ভাষ্য, তিনি ১৯৭৭ সালে ৪০ শতাংশ এবং ১৯৮৭ সালে আরও ৪৫ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির আরএস ও বিআরএস রেকর্ডসহ মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

তাদের অভিযোগ, ২০০৮-০৯ সালের দিকে বাদীপক্ষ উত্তরাধিকারসূত্রে মালিকানা দাবি করে জোরপূর্বক জমিতে বসতঘর নির্মাণের মাধ্যমে দখল নেয়। এরপর থেকে জমিটি নিয়ে বিরোধ চলমান রয়েছে।

স্থানীয়ভাবে দরবার-শালিসের উদ্যোগ নেওয়া হলেও বাদীপক্ষ সেখানে অংশ নেয়নি বলেও দাবি তাদের।

বিবাদী পক্ষ আরও অভিযোগ করে, পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা ও জিডি করা হয়েছে। তাদের দাবি, মামলার ২ নম্বর আসামি রুবেল মিয়া গত ছয় থেকে সাত মাস ধরে ঢাকায় অবস্থান করলেও তাঁকে আসামি করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

তবে মামলার বাদী কাঞ্চন মালা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মামলা দায়েরের পর পুলিশ ১ নম্বর আসামি আবুল খায়ের বেগকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরদিন ২৩ জুলাই অন্য আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ২৪ জুলাই পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মামলা ও জিডি হয়েছে। জমির মালিকানা নিয়ে উভয় পক্ষ আদালতের শরণাপন্ন হয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত