শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক ঘোষণা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ বিকাল

‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করেছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পূর্বধলা উপজেলা সদরের হাবিব মার্কেটে এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার উদ্যোগে এ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার ব্যবস্থাপক মাশুক আহমেদ, দ্বিতীয় কর্মকর্তা নজরুল ইসলাম, জুনিয়র ম্যানেজার আরিফুল ইসলাম লিমন, ফারুক আহমেদ ও রাজনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র সরকার, কাজল বণিক, স্বপন সরকার, সুবল বণিক, মামুন মিয়া, মো. আসাদুজ্জামানসহ অনেকে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে গত ১ জুলাই থেকে এনআরবিসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ সেবা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় গ্রাহকেরা কিউআর কোড স্ক্যান করে দোকান বা মার্চেন্ট পয়েন্টে সরাসরি অর্থ পরিশোধ করতে পারেন। ফলে কেনাকাটা বা বিভিন্ন সেবা নিতে নগদ টাকা বহনের প্রয়োজন কমে আসে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাংলা কিউআর’ ব্যবহারে প্রতি হাজার টাকা লেনদেনে ৭ টাকা চার্জ প্রযোজ্য। এর মাধ্যমে অনলাইনে লেনদেন সম্পন্ন করা যায়। নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি, ছেঁড়া ও জাল নোটের সমস্যা এবং খুচরা টাকার সংকট কমাতেও এ সেবা ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার ব্যবস্থাপক মাশুক আহমেদ বলেন, ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেস এই ডিজিটাল লেনদেনব্যবস্থা পেমেন্টকে আরও সহজ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংকের প্লানেট অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা সহজেই বাংলা কিউআরে পেমেন্ট করতে পারছেন।

তিনি বলেন, ইতিমধ্যে ব্যাংকের প্রায় ৩৫ শতাংশ গ্রাহক ডিজিটাল লেনদেন করছেন। এ সেবা চালুর ফলে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাশলেস লেনদেন আরও উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক আগামী ডিসেম্বরের মধ্যে চার্জমুক্ত লেনদেনের সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে ভবিষ্যতে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত