বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ রাত

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় নকলনবীশদের কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে গত তিন অর্থবছরের কার্যক্রম ও রাজস্ব আদায়ের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৪ হাজার ৫৯৬টি দলিল ও নকল নিবন্ধনের মাধ্যমে ১০ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৩১৭ টাকা রাজস্ব আয় হয়। ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৭০৩টি দলিল নিবন্ধনের বিপরীতে রাজস্ব আদায় হয় ১৩ কোটি ৪ লাখ ২০ হাজার ৪৬৫ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরে (৩১ মে ২০২৬ পর্যন্ত) ৪ হাজার ৭০৩টি দলিল ও নকল নিবন্ধনের মাধ্যমে ১৪ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ২৮২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

কর্মশালায় নকলনবীশদের কাজের পরিমাণ ও মানের ভিত্তিতে সেরা নকলনবীশ নির্বাচন করা হয়। এতে নাসিমা আক্তার প্রথম, সাজিদা আক্তার দ্বিতীয় এবং রুমা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া বর্ষসেরা অফিস স্টাফ হিসেবে মো. মনিরুজ্জামান এবং বর্ষসেরা দলিল লেখক হিসেবে মো. আলতাফ হোসেন সরকার নির্বাচিত হন।

অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা মো. রহমত উল্লাহ লতিফ। নিবন্ধন আইন, ১৯০৮; দলিল লেখক সনদ বিধিমালা, ২০১৪; সঠিকভাবে দলিল প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করেন নান্দাইল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা শেখ আব্দুস সামাদ আজাদ।

পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ বিষয়ে ধারণা প্রদান করেন পাগলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা এম. নাফিয বিন যামান। এছাড়া ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩ এবং বালাম লিখন পদ্ধতি বিষয়ে আলোচনা করেন গৌরীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, নিবন্ধন সেবার মানোন্নয়ন, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ, দলিল সংরক্ষণে অধিক সতর্কতা এবং সরকারি রাজস্ব আদায়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি ও আইনগত সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত