রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

নালিতাবাড়ীতে ১৫ আগস্ট ঘিরে যুবলীগ-ছাত্রলীগের মিছিল


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ দুপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে মিছিল ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদের পক্ষের নেতাকর্মীরা।

পরে কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদ কর্মসূচির সত্যতা নিশ্চিত করে বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের ওপর যত জুলুম-নির্যাতন হবে, আমরা তত প্রতিরোধ গড়ে তুলব।”

এদিকে নালিতাবাড়ীতে শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নাম ব্যবহার করে ছাত্রলীগ কর্মী শাকিলের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, রাত ১২টার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কে ৫০ থেকে ৭০ জনের একটি দল ওই মশাল মিছিলে অংশ নেয়।
এছাড়া উপজেলার যোগানিয়া ইউনিয়নে যুবলীগের কাউসার ও কামরুলের নেতৃত্বে দুপুর ১২টার দিকে কালো ব্যাজ ধারণ করে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত