বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় শনাক্ত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ আগস্ট ২০২৬, ০৯:০১ রাত

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজারসংলগ্ন নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার আব্দুল গফুর (৩৮), দেলোয়ার হোসেন (৩৬) ও শাকিল (৪০)। নিহত অপর নারীটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত চারজনই পিকআপভ্যানের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সারবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত