বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১২ আগস্ট ২০২৬, ০৮:৪৫ রাত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামে এক শিক্ষকের বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, লুটপাট এবং থানায় অভিযোগ রেকর্ড না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ও ভুক্তভোগী মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী মো. আশরাফুল আলম ভূঁইয়া ও তার শরিকরা পারিবারিকভাবে চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও জোরপূর্বক তার বাড়ির উঠান দিয়ে চলাচলের চেষ্টা করেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।


তিনি অভিযোগ করেন, এরই জের ধরে গত রোববার সকালে তিনি ও তার বড় ভাই মকবুল হোসেন ভূঁইয়া বাড়িতে না থাকার সুযোগে কঞ্চিবাড়ি হামিদা খাতুন মাধ্যমিক ভোকেশনাল স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। পরে তারা সীমানা প্রাচীর ভাঙচুর এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি।


এ সময় তার ভাবী ও প্রতিবন্ধী ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন মোশাররফ।
তিনি আরও বলেন, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলেও তাৎক্ষণিক কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে ওই দিন সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে গেলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে ধমক দেন বলে অভিযোগ করেন তিনি।


মোশাররফ হোসেনের দাবি, এর আগেও বিরোধীয় রাস্তা নিয়ে প্রতিপক্ষ তার বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি উঠানে জোরপূর্বক ৫০ থেকে ৬০টি সুপারি গাছ রোপণ করে সেখানে একটি চালাঘর নির্মাণ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে স্থানীয় জামায়াতের রাজনৈতিক নেতা, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বাড়ির প্রাচীর, ল্যাট্রিন ও গাছপালা সরিয়ে রাস্তা বের করে দেওয়া হয়। তবে প্রতিপক্ষ তার বাড়ির কিছু অংশ ও রাস্তা-সহ আড়াই শতক জমি তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানালে তিনি তাতে রাজি হননি। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত