শেরপুরে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৫ আগস্ট পালনের চেষ্টা গ্রেফতার ৬ জন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৪ বিকাল
_original_1786792471.jpg)
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গদল বিচ্ছিন্নভাবে ১৫ আগস্ট উপলক্ষে নানা কর্মসূচি পালনের চেষ্টা করেছে। এসব ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পলাতক নেতাকর্মীদের ফেসবুকে শেরপুরের বিভিন্ন স্থানে মধ্যরাতে মশাল মিছিল, শোক মিছিল, শহীদ মিনারে পুষ্পস্তবক ও খাবার বিতরণের ভিডিও প্রকাশ করেছে। তবে এ ঘটনাগুলোর বিষয়ে পুলিশ বলছে তারা ভিন্ন ভিন্ন দিনে প্রত্যন্ত গ্রামে মিছিলের ভিডিও করে পলাতক নেতাকর্মীদের ফেসবুক আইডিতে পোস্ট করছে দুই তিন দিন পরে।
এদিকে ১৪ আগস্ট গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল এবং বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও খাবার বিতরণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি গৃর্দানারায়ণপুর বেপারীপাড়া মহল্লার খোকন ইসলাম (২০), সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউল ওরফ জুয়েল (৪৬), নালিতাবাড়ী উপজেলার ননী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা (২৫) ও রুপনারায়নকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫), ঝিনাইগাতী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আজাহার আলী(৩৬) এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ মুসলিম উদ্দিন উরফে আরাফাত (১৯)।
এ বিষয়ে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিতরা সবসময় গোপনে কাজ করে। তারা প্রত্যন্ত গ্রামে রাতের আধারে মিছিল করে দুই তিন দিন পর তা পোস্ট করছে। তবে আমাদের তৎপরতায় এখন কোন প্রধান সড়কে মিছিল করতে পারছে না।
প্রতিরাতেই আমাদের অভিযান চলছে। তারা মূলত টাকার বিনিময়ে কিছু শ্রমিক শ্রেণী এবং ইনোসেন্ট স্কুল পড়ুয়া ছেলেদেরকে দিয়ে মিছিল করায়। যে কারণে তাদেরকে ধরে আইনের আওতায় আনা কঠিন। ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। গতরাতে মিছিলের সাথে জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।





_medium_1786787296.jpg)
_medium_1786781542.jpg)
