মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

এমপি মানসুরা আক্তারের আবেদনে পূর্বধলা কলেজে দুই বাস বরাদ্দের উদ্যোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ আগস্ট ২০২৬, ১২:১৪ রাত

নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে দুটি বাস বরাদ্দের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সংরক্ষিত নারী আসন-২৬ (সংসদীয় আসন-৩২৬)-এর সংসদ সদস্য মানসুরা আকতারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে গত ১৩ জুলাই সংসদ সদস্য মানসুরা আকতার প্রধানমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি পত্রের মাধ্যমে দুটি বাস বরাদ্দের আবেদন জানান। ওই পত্রের ডিও নম্বর—৩২৬ মহিলা আসন-২৬/অনুমোদন/২০২৬-১৯।

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়। ১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ওই পত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পত্রে সংসদ সদস্যের ডিওপত্রের পরিপ্রেক্ষিতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দুটি বাস বরাদ্দ করা হলে পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে দূরবর্তী ইউনিয়ন ও গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের কলেজে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। এতে শিক্ষার্থীদের সময় ও পরিবহন ব্যয়ও সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত