এমপি মানসুরা আক্তারের আবেদনে পূর্বধলা সরকারি কলেজে দুই ভবনের উদ্যোগ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:০৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রী নিবাস (হোস্টেল) ও একটি বহুতল প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদীয় আসন ৩২৬ (মহিলা আসন-২৬)-এর সংসদ সদস্য মানসুরা আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
জানা গেছে, পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের আবাসন সংকট নিরসন এবং কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি ছাত্রী নিবাস ও একটি বহুতল প্রশাসনিক ভবন নির্মাণের জন্য গত ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে আধা-সরকারি পত্রের মাধ্যমে আবেদন করেন সংসদ সদস্য মানসুরা আক্তার। ওই পত্রের নম্বর ৩২৬ মহিলা আসন-২৬/আনুঃ/২০২৬-২০।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ওই সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে ডিউপত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। পত্রটির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
কলেজ সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রী নিবাস নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের আবাসন সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি বহুতল প্রশাসনিক ভবন নির্মিত হলে কলেজের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে।




_medium_1787027123.jpg)
_medium_1787026985.jpg)
_medium_1787025991.jpg)
