মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

কায়সার কামালের নির্দেশনায় কলমাকান্দার পর্যটন সম্ভাবনা দেখতে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ রাত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। পর্যটন শিল্পের উন্নয়ন, প্রচার-প্রসার ও মানোন্নয়নের পাশাপাশি পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার সম্ভাবনা যাচাই করতে এ পরিদর্শন করা হয়।
 
সোমবার বিকেল পর্যন্ত তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড়, পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদের সমাধিস্থলসহ বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান ঘুরে দেখেন।
 
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক হোটেল ও রেস্তোরাঁ সেল) ড. প্রকাশ কান্তি চৌধুরী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
 
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় আমরা এখানে এসেছি। এ অঞ্চলে কীভাবে পর্যটনশিল্প গড়ে তোলা যায় এবং পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে গতিশীল করা যায়, তা আমরা দেখছি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
 
তিনি বলেন, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরির স্থান পরিদর্শন করেছেন তাঁরা। জামদানি পল্লীর উন্নয়নে তাঁতিদের কর্মপরিবেশ, যোগাযোগব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়নসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা দরকার।
 
চেয়ারম্যান আরও বলেন, পাতলাবন, চন্দ্রডিঙ্গা ও চেংনী এলাকায় পাহাড়ঘেঁষা সমতল ভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে পর্যটকদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, ওয়াশরুম, আবাসন ও খাবারের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
 
তিনি বলেন, এ অঞ্চলে গারো ও হাজং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাঁদের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে। পাশাপাশি এলাকাটির ধর্মীয় সম্প্রীতির পরিবেশও তাঁকে মুগ্ধ করেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত