বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় স্থানীয় বীজ সংরক্ষণে বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ রাত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বগাডুবি গ্রামে স্থানীয় বীজ সংরক্ষণ ও কৃষি জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। দ্বীপ শিখা সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
 
মেলায় মোট ১০টি স্টলে সর্বোচ্চ ৫৪ ধরনের স্থানীয় ফসলের বীজ প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষকদের সংরক্ষিত বিভিন্ন জাতের ধান, শাকসবজি, ডাল, তেলবীজ, মসলা ও অন্যান্য ফসলের বীজ প্রদর্শনের পাশাপাশি বীজ সংরক্ষণ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়।
 
মেলাকে কেন্দ্র করে আলপনা নাফাকের সঞ্চালনায় এবং লক্ষ্মী হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ হারুন অর রশিদ, মৌসুমী দাস, সুজিপ্ত হাজং, বারসিকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর ও উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা।
 
আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় বীজ কৃষি ও খাদ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় স্থানীয় বীজ সংরক্ষণ ও ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে নারীরা দীর্ঘদিন ধরে বীজ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
 
মৌসুমী দাস বলেন, স্থানীয় বীজ সংরক্ষণে নারীদের ঐতিহ্যগত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আর সভাপতি লক্ষ্মী হাজংস্থানীয় বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়ের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 
মেলায় কৃষক, নারী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বীজের বৈচিত্র্য রক্ষা ও এগ্রোইকোলজি চর্চা জোরদারে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত