বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, ঘাতক ভাতিজা গ্রেফতার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ বিকাল

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে তিন সন্তানের জননী রুফিয়া বেগম (৩৫) কে ভাসুরের ছেলে (ভাতিজা) নেশাগ্রস্ত যুবক আরিফ হোসেন তার চাচিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। 

এঘটনায় পুলিশ ঘাতক যুবক আরিফ হোসেন (২০) কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায়।

গ্রেফতারকৃত যুবক শেরপুর জেলার সদর উপজেলার চরসাপমারী গ্রামের জনৈক মওলার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রুফিয়া বেগম তার বাড়ির উঠানে তার কোলে থাকা ছোট শিশুকে চেয়ারে বসে দুধ খাওয়াচ্ছিলেন। এসময় একই গ্রামের ভাসুর মওলা মিয়ার ছেলে নেশাগ্রস্ত আরিফ হোসেন তার হাতে থাকা ধারালো দা নিয়ে হঠাৎ রুফিয়া বেগমের ওপর হামলা চালায়। এদিকে কিছু বুঝে ওঠার আগেই সে রুফিয়া বেগমের গলায় ও শরীরে উপর্যুপরি কোপ দেয়। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলেই রুফিয়া বেগমের মৃত্যু হয়।

ঘটনার পরপরই আরিফ হোসেন রক্তমাখা পোশাক নিয়ে নিজ ঘরে গিয়ে গোসল করে আত্মগোপনের চেষ্টা করে। 

এদিকে এই ঘটনার সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঘাতক আরিফ হোসেন এর পরিবারের কাউকে না পেয়ে বসতঘরে অভিযান চালায়। 

পরে সন্দেহভাজন হিসেবে নিজ বসতঘর থেকে আরিফ হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হোসেন তার চাচি রুফিয়া বেগমকে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য মতে নিজের পরনের রক্তমাখা ফুলপ্যান্ট ঘর থেকে উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক কিংবা তুচ্ছ কোনো বিরোধের জের ধরে সে তার চাচিকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত