শেরপুরে বক শিকারের অপরাধে একজনের সাত দিনের কারাদণ্ড
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ দুপুর

শেরপুর জেলা সদরে বক শিকারের অপরাধে এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান মোঃ রফিক (৪৫) নামে এক ব্যাক্তিকে এ দণ্ড প্রদান করেন।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের একজন বক শিকারী ফাঁদ দিয়ে বক শিকার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ এক ব্যাক্তিকে আটক করেন।
পরে আটককৃত নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের মোঃ রফিককে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর ৪১(৩) ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এ সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সত্যতা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচার কার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।







