রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জে বালির নিচে লুকানো কোটি টাকার শাড়ি-কসমেটিকস উদ্ধার


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে বালির নিচে লুকিয়ে পরিবহনের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত পণ্য ও মাদকের সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়।
 
এ সময় সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকে বহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়।
 
বিজিবি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই চোরাচালানকারীরা বালির আড়ালে এসব পণ্য লুকিয়ে পরিবহন করছিল। জব্দকৃত শাড়ি ও কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
 
এছাড়া ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা। সবগুলো অভিযানে জব্দকৃত পণ্য ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। 
 
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত