ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ১৬ টিনশেড ঘর
আবুল বাশার শেখ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ রাত

ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িটির অন্তত ১৬টি টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক হাবিবুর রহমান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমানের অভিযোগ, রাত তিনটার দিকে প্রতিবেশী কবির হোসেনের নেতৃত্বে শতাধিক লোক তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে হামলাকারীরা নির্মাণাধীন বাড়িতে ঢুকে অন্তত ১৬টি টিনশেড ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেন। তিনি বলেন, হামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
হামলা ও ভাঙচুরের ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজে রাতের বেলায় একদল লোককে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করতে দেখা যায়। তাঁদের কয়েকজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। তাঁদের ধারণা, শব্দ দুটি ককটেল বিস্ফোরণের। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি দোকান থেকে লোকজন বের হওয়ার চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয় এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। দোকানগুলোর সামনে হামলাকারীদের কয়েকজন অবস্থান করছিলেন বলেও জানান তাঁরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেনের স্ত্রী লিমা আক্তার। তাঁর দাবি, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। লিমা আক্তার বলেন, ‘আমাদের এই জমি নিয়ে গত ১৫ বছর ধরে ঝামেলা চলছে। তাঁরা মামলা করেছে, আমরাও মামলা করেছি। তাঁরা নিজেরাই ভাঙচুর চালিয়ে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।’
অভিযোগের বিষয়ে কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



 15.09.26_medium_1789568286.jpg)



