বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব বিদ্যালয় গড়ার অঙ্গীকার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ রাত

নেত্রকোনার পূর্বধলায় পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব সবুজ বিদ্যালয় প্রতিষ্ঠায় অঙ্গীকার ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পূর্বধলা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় পরিচালিত পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব বিদ্যালয় কার্যক্রমের অগ্রগতি এবং ধারাবাহিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব বিদ্যালয় বিষয়ে প্রেজেন্টেশন ও বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়। পরে অঙ্গীকার ঘোষণা পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবুজ বিদ্যালয় প্রতিষ্ঠায় অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে পূর্বধলা উপজেলার ১০টি বিদ্যালয়কে GEDSI-বান্ধব সবুজ বিদ্যালয় এবং ৬টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের ২০০ উপকারভোগী পরিবারের মধ্যে ‘দান করার আনন্দ’ কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের সদস্যদের গবাদিপশু বিতরণ করা হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৬ জন হতদরিদ্র উপকারভোগীর মধ্যে একটি গরু, ১২টি ছাগল এবং হাঁস-মুরগি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপিসিও ও পূর্বধলা এপির সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, ৯ নম্বর খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার ও দারা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ওয়ার্ল্ড ভিশনের উপকারভোগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জারি গান ও মঞ্চনাটক পরিবেশন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা ও প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মবিন উদ্দিন। প্রোগ্রাম অফিসার বাবলী রংমা পরিবেশবান্ধব গ্রাম ও GEDSI-বান্ধব বিদ্যালয় কার্যক্রমের অগ্রগতি এবং ধারাবাহিক কার্যক্রম তুলে ধরেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত