বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মব সৃষ্টির অভিযোগ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ রাত

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা গরু আনা হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে এক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি। 

অভিযানে সাতটি গরু পাওয়া যায়। বিজিবির পক্ষ থেকে গরুগুলো প্রাথমিকভাবে ভারতীয় বলে দাবি করা হলেও পরে স্থানীয় বাজার থেকে কেনার রসিদ দেখানো হলে গরুগুলো ছেড়ে দেওয়া হয়। তবে গরু গুলোকে জব্দ করতে বিপ্লবের স্বজনরা বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ তথা মব সৃষ্টির চেষ্টা  করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জানা গেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ১ নং  সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের স্থানীয় ইউপি  চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুবুর রহমান বিপ্লবের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। 

কর্ণঝোড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফুল মিয়া গরু গুলোর সন্ধানে ওই এলাকায় যান। একপর্যায়ে গরুগুলো ওই বিপ্লবের খামারের শেডে রাখা হয়েছে বলে জানতে পারেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

অভিযানে বিপ্লবের বাড়ির খামারের শেডে সাতটি গরু পাওয়া যায়। বিজিবির পক্ষ প্রাথমিক ভাবে  দাবী ও  শনাক্ত করা হয় গরু গুলো ভারত সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পাড় করে আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গরুগুলো জব্দ করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। 

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশনা অনুযায়ী গরুগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। গরু আটক করার সময়  বিপ্লবের অনুসারীরা বাধা দেন ও মব সৃষ্টি করে আতংকের সৃষ্টি করে । বিপ্লব অনুসারিদের দাবী তারা স্থানীয় বাজার থেকে ওই গরু কিনেছে এই মর্মে গরু ক্রয়ের  রসিদও দেখান। পরে গরুগুলোর ভারতীয় উৎসের বিষয়ে শক্ত কোন প্রমাণ না থাকায় ইউএনওর নির্দেশে গরুগুলো দিয়ে দেওয়া হয়।

এদিকে স্থানীয়দের  অভিযোগ বিপ্লব এখন সীমান্তের বড় চোরাকারবারি। দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক অবৈধ ব্যবসার সঙ্গে সে জড়িত। মাদক, গরু ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোবাইলে বিপ্লবের সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে বিপ্লবের স্বজনরা অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন।

কর্ণঝুড়া বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফুল মিয়া বলেন, আমরা গরুগুলোর বিষয়ে সকালে সংবাদ পাই। তাদের ধাওয়া করে ধরতে পারিনি। জানতে পারি, সেগুলো বিপ্লবের  খামারের শেডে রাখা হয়েছে। সে অনুযায়ী আমি সেখানে যাই এবং কথা বলি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ও পুলিশ সেখানে যান। গরুগুলো দেখে প্রাথমিকভাবে ভারতীয় গরু বলে তথ্য নিশ্চিত হওয়া যায়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা গরুগুলো জব্দের নির্দেশ দেন। 

কিন্তু বিপ্লবের অনুসারীরা ব্যাপক ভাবে বাধা দেন ও মারমুখি আচরণ করে। পরে তারা বাজার থেকে গরু কেনার রসিদ দেখান। আমাদের কাছে শক্ত কোনো প্রমাণ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরুগুলো ছেড়ে দিতে হয়েছে। তবে মারমুখি আচরণের বিষয়ে আমাদের উর্ধ্বতনকর্মকতাদের অবগত করা হয়েছে। নির্দেশ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, আমরা তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুগুলো দেখে বিজিবির অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে সেগুলো জব্দ করে থানা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলাম। তিনি বলেন, তবে সেখানে বিপ্লব, যার গরু তার অনুসারীরা আমাদের বাধা দেন এবং আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে বিজিবিকে কোন অবস্থাতেই গরুর গোয়ালে যেতে দেয়নি ও আচরণ খারাপ করে বলে জেনেছি। এ সময় তারা নিজেদের গরু দাবি করে বাজার থেকে কেনার রশিদ  দেখান। সে অনুযায়ী আমরা গরুগুলো ছেড়ে দিই। তবে বিজিবি সরকারি কাজে বাঁধা দেওয়া ও মব সৃষ্টির বিষয়ে ইচ্ছে করলে আইনগত ব্যবস্থা নিতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত