রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ০৩:২০ দুপুর

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসাইন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান ও আহামদ আলী সরকার। আরও বক্তব্য দেন চিকিৎসক ডা. অনামিকা শ্যামা, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী তাহমিনা ইয়াসমিন, সাইয়েদা আক্তার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাঈন বিল্লাহ আল আমিরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি জনসংখ্যা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন গোহালাকান্দা ইউনিয়নের নয়ন মনি। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন একই ইউনিয়নের মোস্তাঈন বিল্লাহ আল আমিরী। সদর ইউনিয়নের সাইয়েদা আক্তারও বিশেষ স্বীকৃতি লাভ করেন।

এ ছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে গোহালাকান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত