রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ০২:৫৩ দুপুর

গাইবান্ধা সদরের হরিনসিংহা এলাকায় আবু রায়হান প্রধান (২১) নামে এক যুবককে দিঘির পানিতে চুবিয়ে হত্যা করার আলোচিত ঘটনায় তার দুই বন্ধু মো. সাকিব মিয়া (১৮) ও মো. রিফাদ মিয়া (১৬)-কে ঘটনার ২৬ দিন পর ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ জুলাই) দুপুরে র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বরাত দিয়ে বলা হয়, গত ১৬ জুন বিকেলে আবু রায়হানের দুই বন্ধু সাকিব ও রিফাদ তাকে বাসা থেকে ডেকে নিয়ে দিঘিতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ও রিফাদ রায়হানকে মারধর করে পানির নিচে চুবিয়ে রাখে। এতে রায়হান অচেতন হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা রায়হানকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৯ জুন নিহতের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৪৪। এরপর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত আসামি সাকিব মিয়া ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন সেন্টার শপিং মলের সামনে থেকে অপর এজাহারভুক্ত আসামি রিফাদ মিয়াকেও গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার সাকিব মিয়া গাইবান্ধা সদর উপজেলার হরিনসিংহা গ্রামের মো. জবান আলীর ছেলে এবং রিফাদ মিয়া একই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত