শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

এ-চালান ব্যবস্থার প্রতিবাদে পূর্বধলায় দলিল লেখকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ দুপুর

২০২৬-২০২৭ অর্থবছর থেকে দলিল নিবন্ধনের সরকারি ফি ও কর পরিশোধে অনলাইনে এ-চালান (অটোমেটিক চালান) ব্যবস্থা চালুর প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি। 

ফলে দলিল লেখকদের মাধ্যমে পরিচালিত নিবন্ধন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে জমি ক্রয়-বিক্রয়, হেবা, বণ্টন, বন্ধকসহ বিভিন্ন ধরনের দলিল নিবন্ধন করতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান বলেন, নতুন চালু হওয়া এ-চালান ব্যবস্থা বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবহারিক জটিলতা রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ সেবাগ্রহীতা, দলিল লেখক এবং সংশ্লিষ্টদের দুর্ভোগ বাড়তে পারে। তাই সমস্যাগুলোর কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দলিল লেখার ও নিবন্ধন-সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান হলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি সরকার বলেন, নতুন ব্যবস্থার কারণে মাঠপর্যায়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে কর্মবিরতির কারণে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে আসা মানুষ ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই নির্ধারিত দিনে জমি ক্রয়-বিক্রয় বা অন্যান্য নিবন্ধন সম্পন্ন করতে না পেরে আর্থিক ও সময়গত ক্ষতির মুখে পড়ছেন।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন পূর্বধলার দায়িত্বরত সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "সরকারি বিধি মোতাবেক দলিল লিখে জমা দিলে তা রেজিস্ট্রেশন করতে সাব-রেজিস্ট্রার কর্তৃক কোনো প্রকার আপত্তি নেই।"

ফলে একদিকে দলিল লেখকদের কর্মবিরতি, অন্যদিকে সরকারি দপ্তরের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাওয়ার অবস্থানের কারণে পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসে সেবা গ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত