৯ ও ১০ জুলাই দিনে বাড়তি লোডশেডিং হতে পারে, পূর্বধলায় মাইকিং করে সতর্কবার্তা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৫০ রাত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়নকাজের কারণে আগামী ৯ ও ১০ জুলাই দিনের বেলায় নেত্রকোনার পূর্বধলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত লোডশেডিং হতে পারে। এ বিষয়ে গ্রাহকদের আগাম সতর্ক করতে বুধবার পূর্বধলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি।
বুধবার (৮ জুলাই) সমিতির এক দপ্তর আদেশে জানানো হয়, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বাস্তবায়িত ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেন্থেনিং প্রজেক্ট’-এর আওতায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের আধুনিকায়ন ও নির্মাণকাজ চলছে। এ কাজ নিরাপদে সম্পন্ন করতে ৯ ও ১০ জুলাই প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সীমিত রাখা হতে পারে। এতে দিনের বেলায় লোডশেডিংয়ের পরিমাণ বাড়তে পারে।

দপ্তর আদেশে গ্রাহকদের বিদ্যুৎ থাকা অবস্থায় প্রয়োজনীয় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় পর বিদ্যুৎ ফিরে এলে পানির পাম্প, ফ্রিজ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একসঙ্গে চালু না করার আহ্বান জানানো হয়েছে।
পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএ মো. শাহিনুর আলম মৃধা বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়নকাজের কারণে দুই দিন সাময়িকভাবে লোডশেডিং বাড়তে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
সম্ভাব্য ভোগান্তির কথা জানিয়ে বুধবার দুপুরে পূর্বধলার বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।


_medium_1783516061.jpg)




