মাছের সঙ্গে শত্রুতা!
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ দুপুর

শত্রুতা ছিল মানুষের সঙ্গে, কিন্তু তার শিকার হলো নিরীহ মাছ। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে এক রাতেই ভেসে উঠেছে শত শত মৃত মাছ। মাছের সাথে এমন শত্রুতা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে।
অভিযোগ উঠেছে, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। পুকুরের মালিক সৈয়দ রফিকুল হোসাইনের দাবি, এতে তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির দক্ষিণ পাশে পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি পুকুরপাড়ে গিয়ে কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। এ সময় ডাক-চিৎকার করলে তারা পালিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, পালিয়ে যাওয়ার সময় একজনের হাতে থাকা পলিথিন থেকে ট্যাবলেটজাতীয় একটি পদার্থ পুকুরে নিক্ষেপ করা হয়।
পরদিন সকালে স্থানীয়দের নিয়ে পুকুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ঘটনাস্থল থেকে রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পেয়ে আজ (৭ জুলাই) মঙ্গলবার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যক্তিগত বিরোধের জেরে একটি মাছের খামার এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

_medium_1784610101.jpg)

_medium_1784609736.jpg)



