সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে পূর্বধলাকে স্বপ্নের উপজেলায় গড়া সম্ভব: জেলা প্রশাসক 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ জুলাই ২০২৬, ০৯:০৫ রাত

নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেছেন, প্রথমবারের মতো পূর্বধলা সফরে এসে উপজেলাটিকে ততটা অবহেলিত মনে হয়নি। সামান্য উন্নয়নমূলক কাজ হলেই পূর্বধলা খুব দ্রুত এগিয়ে যাবে। তিনি বলেন, সবাই সম্প্রীতি ও সহাবস্থানের মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করলে পূর্বধলাকে মানুষের স্বপ্নের উপজেলায় পরিণত করা সম্ভব।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন তাদের মতামত তুলে ধরেন। 

এ সময় পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব বাস্তবায়ন, সাম্প্রতিক বিদ্যুৎ সমস্যার সমাধান, উপজেলা সদরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ, গ্রামীণ সড়ক পাকাকরণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং চুরি, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করা হয়।

জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে সরকারি সফরের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

একই দিনে উপজেলা পরিষদ চত্বরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া এডিপির অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কয়েকজন ভিক্ষুকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

উল্লেখ্য, গত ১৬ মার্চ নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খন্দকার মুশফিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পূর্বধলা উপজেলায় তার প্রথম সরকারি সফর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত