আর্জেন্টিনার সামনে কেপভার্দে চ্যালেঞ্জ, পূর্বধলায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উত্তেজনা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ দুপুর

২০২৬ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আগামীকাল শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 'রাউন্ড অব ৩২'-এ তাদের প্রতিপক্ষ এবারের আসরের চমক জাগানো দল কেপভার্দে। ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো নেত্রকোণার পূর্বধলার আর্জেন্টিনা সমর্থকদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে (টুর্নামেন্টে মিয়ামি স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। প্রায় ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দুই দলের প্রথম মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ সাফল্যের সঙ্গে নকআউট নিশ্চিত করেছে। আক্রমণভাগের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তায় দলটি এখন পর্যন্ত নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে, ফিফা র্যাংকিংয়ে ৬৭তম স্থানে থাকা কেপভার্দে এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপ থেকে তিনটি ম্যাচই ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে তারা। বড় দলের বিপক্ষে শৃঙ্খলাপূর্ণ রক্ষণ এবং পাল্টা আক্রমণই তাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপভার্দে। পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে নিজেদের সর্বশেষ সাতটি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
ফুটবল বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও নকআউট পর্বে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ কেপভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে, তারা বড় দলগুলোকেও চাপে ফেলতে সক্ষম।
এদিকে ম্যাচকে কেন্দ্র করে নেত্রকোণার পূর্বধলা উপজেলায়ও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা একসঙ্গে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। চায়ের দোকান, ক্লাব ও বিভিন্ন আড্ডাস্থলে চলছে ম্যাচ নিয়ে আলোচনা। সমর্থকদের প্রত্যাশা, জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে তাদের প্রিয় দল আর্জেন্টিনা।







