১২ দিন ধরে নিখোঁজ সাকিবকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মাধবপুরে মানববন্ধন
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:৪৯ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বাসিন্দা ফুয়াদ হাসান সাকিবকে সুস্থ ও জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ধর্মঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ দিন ধরে ফুয়াদ হাসান সাকিব নিখোঁজ রয়েছেন। এখনও তার কোনো সন্ধান মেলেনি। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুল আহমেদ বলেন,ফুয়াদ হাসান সাকিবের নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো ধর্মঘর ইউনিয়নের মানুষ উদ্বিগ্ন। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করুক এবং দ্রুত তাকে সুস্থ ও জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিক। যদি এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, একটি পরিবার তাদের প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সাকিবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার স্বামী গত ১২ দিন ধরে নিখোঁজ। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—আমরা কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে কাটছে। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, আমার স্বামীকে সুস্থ ও জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিন।
সাকিবের মা আবেগঘন বক্তব্যে বলেন, আমি একজন মা। আমার ছেলেকে ছাড়া প্রতিটি দিন আমার কাছে অসহনীয়। আমি শুধু আমার সন্তানকে একবার দেখতে চাই। যারা আমার ছেলেকে নিয়ে গেছে, তাদের কাছে অনুরোধ—আমার ছেলেকে ফিরিয়ে দিন। আর প্রশাসনের কাছে আবেদন, দ্রুত তাকে উদ্ধার করুন।
সাকিবের ছোট ছেলে মাহদী তার শিশুসুলভ ভাষায় বলে,আমি আমার আব্বুকে চাই। আব্বু, তুমি বাসায় চলে আসো। আমি তোমার সঙ্গে খেলব।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, ফুয়াদ হাসান সাকিবের নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। দ্রুত তার সন্ধান না মিললে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তারা।
উল্লেখ্য, ফুয়াদ হাসান সাকিব গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।এলাকাবাসী আরও জানায় শাকিব এক সময় মাদক ব্যবসার সাথে জরিত ছিল।সে কিছুদিন যাবৎ মাছের ব্যবসা শুরু করে আর এ ব্যবসা নিয়ে স্থানীয় মাছ ব্যাবসায়ী মাহফুজের সাথে দ্বন্দ্ব শুরু।সেই সুত্র ধরেই শাকিব নিখোঁজ।






_medium_1782989001.jpg)
