শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আগুনে বসতঘর পুড়ে ছাই, নগদ ২ লাখ টাকাসহ ক্ষতি ১০ লাখ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ সকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে আগুনে একটি বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। এতে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

গতকাল বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. লিটন আকন্দ (৪৫)। তিনি উপজেলার বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় লিটন আকন্দের বাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘরে।

আগুনে বসতঘরে থাকা নগদ ২ লাখ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় ও সংসারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। স্থানীয় লোকজন পাশের পুকুর ও বাড়ির পানির সংযোগ থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্বধলা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত