মাধবপুরে র্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ সিএনজি
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:০০ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯-এর বিশেষ অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে র্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
আটকরা হলেন উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মো. মুজাহিদ মিয়া (২৫) ও মো. হাব্বির রহমান (৬৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"







