শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩৬, বহিষ্কার নেই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও কারিগরি (বিএম) পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্রে মোট ১ হাজার ২শ ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২শ ২২ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩৬ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। 

এদিন বাংলা (প্রথম পত্র) এবং কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ এইচএসসি পরীক্ষায় রাবেয়া আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে সর্বোচ্চ ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪ জন। অন্যদিকে, পূর্বধলা সরকারি কলেজ কেন্দ্রে নিবন্ধিত ২৭ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় পূর্বধলা সরকারি কলেজ কেন্দ্রের (প্রতিস্থাপিত কেন্দ্র: পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়) ৬ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের (প্রতিস্থাপিত কেন্দ্র: পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়) ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “পরীক্ষার পুরো সময় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ স্থানে পুলিশ ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে, যাতে তারা কোনো ভোগান্তি ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত