কলমাকান্দায় বিশেষ অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ২
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ রাত

নেত্রকোণার কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট কলমাকান্দা এলাকায় আনা হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কলমাকান্দা থানার এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীমকে হাতেনাতে আটক করা হয়। তবে আশরাফ উদ্দিন নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাবিয়া আক্তার জানান, পলাতক আশরাফ উদ্দিন উপজেলার ছোট সালজান এলাকার বাসিন্দা এবং তিনি তার স্বামী।
এ ঘটনায় কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আটক দুই আসামিকে নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, সম্প্রতি কলমাকান্দা উপজেলায় মাদক কারবারের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছে। বিশেষ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ দমনে কুরিয়ার সেবাগুলোর ওপর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






_medium_1782989001.jpg)
