দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:২৭ বিকাল

সরকার ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জামালপুর সদর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সংস্থার সারাদেশব্যাপী চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার ইয়ুথ ক্যামব্রিজ স্কুল, নান্দিনা-এ এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার সঠিক পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি-এর "ক্লাইমেট অ্যাকশন" উদ্যোগের আওতায় সংস্থাটি নিয়মিতভাবে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, পরিবেশ সংরক্ষণবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


_medium_1783516061.jpg)




