সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা
আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:৫৪ দুপুর

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনরায় কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে বলে আইনজীবীরা মনে করছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো খারিজ করে সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত দেন।
এর আগে টানা তিন দিন শুনানি শেষে আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর আলাদা দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ কয়েকটি পরিবর্তনকে অবৈধ বলা হয়।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে আপিল করেন। ২০২৫ সালের ১৩ নভেম্বর আপিল বিভাগ এসব আপিল শুনানির অনুমতি দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।



_medium_1781435415.jpg)

_medium_1777534043.jpg)
