শেরপুরের জমি নিয়ে বিরোধীদের জের ধরে ন্যাংটার মাজার ভাঙচুর, আটক-১
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ বিকাল

শেরপুরের নকলায় জমি জমা বিরোধের জের ধরে কথিত আরফুজ ন্যাংটার মাজার ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নকলা থানা পুলিশ একজনকে আটক করেছে।
নকলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বানেশ্বর্দী কান্দাপাড়া গ্রামের মোঃ আসাদুজ্জামান কেনুর (৫৫) সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের ভাতিজা মোঃ আবু হানিফা (৪০) এর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জেরে গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে আবু হানিফার দাদা প্রয়াত আরফুজ ওরফে আরফুজ ন্যাংটার মাজার উচ্ছেদ করে জমি দখলের উদ্দেশ্যে আসাদুজ্জামান কেনুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের সঙ্ঘবদ্ধ একদল লোক দা-লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লেংটা মজার সম্পূর্ণরূপে গুড়িয়ে দিয়ে ঘরের বিভিন্ন মালামাল, টিন, ইট, খুঁটিসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লক্ষাধিক টাকা হয়েছে বলে মামলার আজাহারে বলা হয়।
পরে এ বিষয়ে ১৭ অক্টোবর শনিবার সকালে নকলা থানায় মোঃ আসাদুজ্জামান কেনুকে প্রধান বিবাদী করে একটি অভিযোগ দাখিল করলে নকলা থানা পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা প্রধান আসামী আসাদুজ্জামান কেনুকে আটক করেছি। এছাড়া বাদীর দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

_medium_1792250478.jpg)





