পূর্বধলা হাসপাতালে মোবাইল কোর্ট: ৩ দালালকে জরিমানা, ৫ নারী মুচলেকায় মুক্ত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০২:০০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজনকে অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পাঁচ নারীকে ভবিষ্যতে দালালি না করার অঙ্গীকারে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পুলিশের অন্যান্য সদস্যরা।
মোবাইল কোর্টে আটক নাছির উদ্দীন (২৫) ও জুবায়ের (৩০), মিদুল (২৫) দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এছাড়া আটক ছাবিনা (৩৫), মোমেনা (৪০), ফাতেমা খাতুন (৬০), রেনু (৪০) ও রেজিয়া (৪৫) ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি কার্যক্রমে জড়িত হবেন না-এ মর্মে লিখিত মুচলেকা দেওয়ায় তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালের সেবা কার্যক্রম স্বচ্ছ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।







