শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় হাঁসে ধানের বীজতলা নষ্টের বিরোধে ২০টি গাছ কাটার অভিযোগ, আহত ৩


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ জুলাই ২০২৬, ০৭:৪১ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় হাঁসের কারণে ধানের বীজতলা নষ্ট হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে বসতভিটার প্রায় ২০টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। 

একই ঘটনায় হামলায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি গত ৭ জুলাই উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটে। 

অভিযোগকারী মো. হাবিবুর রহমান জানান, তার ছোট ভাই মো: জিয়াউর রহমানের ধানের বীজতলায়  বড় ভাই ফজলুর রহমানের হাঁস নষ্ট করলে বিষয়টি নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে 

ফজলুর রহমানের তিন ছেলে আপেল মিয়া, রোহান মিয়া, সুমন মিয়া, ফজলুর রহমান ও তার স্ত্রী মমতাজ বেগম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে জিয়াউর রহমান, তার স্ত্রী নাজমা খাতুন ও ছেলে রিয়াদ শেখ আহত হন।

পরে এক পর্যায়ে মো. হাবিবুর রহমানের বসতভিটায় থাকা ১২টি সুপারি গাছ, চারটি আমগাছ, একটি কাঁঠালগাছ, একটি জাম্বুরা গাছসহ কয়েকটি চারা গাছ কেটে ফেলা হয়। এছাড়া রান্নাঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হাবিবুর রহমান বলেন, “আমার বসতভিটার ফলজ গাছগুলো কেটে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

তবে অভিযুক্তদের একজন রোহান মিয়া গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন। 

পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের অন্যান্য বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত